ইব্রাহীমের পদচিহ্নে - শাহীন সিদ্দিকী কা’বার দিকে এবার রুজু হও হে রবের দাস, স্থিত হও, সোপর্দ করো নিজেকে তাঁর নিমিত্তে, ইবরাহিমের পদস্পর্শ খুঁজে ফিরো মিনায়, জিব্রীলের অশ্ব খুরের আওয়াজ কি তুমি শুনতে পাও আরাফা তক জামারায়? হে গতর আমার, কা’বার রবের নিমন্ত্রণ গ্রহণ করার জন্য কি তুমি এবার প্রস্তুত? হে পৃষ্ঠ, তুমি আবেশিত হও মুযদালিফার কংকর স্পর্শে; হে চক্ষুদ্বয়, এবার উন্মিলীত হও, বিগলিত হও মুহম্মদীয় পরশে। হে বক্ষ, মুসার সদরের মত প্রসারিত হও, হে পদযুগল, উমরের মত মজবুত হও, ভড়কে দাও ইবলিসকে, অস্থি, গ্রন্থিসমূহ দৃঢ় হও নূহের মত। ক্লান্ত হাজেরার দৌড়, শিশু ইসমাইলের কান্না, সাফা মারওয়া তোমায় ডাকছে হে গোনাহগার; ভিখ মাগি হে প্রভু আমার, দাও ক্বালবিন সালিম । হে নফস, ভুলে যেওনা কভু ফালা রাফাসা, ওয়ালা ফুসুকা, ওয়ালা যিদালা ফিল হাজ্জ। ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্। * মে ৩০, ২০২৫ কা’বার পথে উড়াল দেয়ার প্রাক্কালে লেখা, পিয়ারসন এয়ারপোর্ট, টরন্টো।
বাংলা কবিতা
ইব্রাহীমের পদচিহ্নে